ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় নিহত ১৭০ জন সাংবাদিককে ‘সন্ত্রাসী’ বলে দাবি করেছে ইসরাইল। তবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ ইসরাইলের এই দাবি প্রত্যাখ্যান করেছেন।
আলবানিজ এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, সাংবাদিকেরা সামরিক কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন—ইসরাইলের এমন দাবির পক্ষে ‘এক টুকরো প্রমাণও’ নেই। তিনি জানান, এ বিষয়ে শিগগির একটি প্রতিবেদন প্রকাশ করবেন।
এর আগে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছিল, তাদের তদন্তে দেখা গেছে, যারা ‘সাংবাদিক হিসেবে পরিচয় দিতেন’, তারা আসলে গাজায় হামাস, ইসলামিক জিহাদ ও অন্যান্য ‘সন্ত্রাসী সংগঠনের’ সদস্য ছিলেন।
আলবানিজ আরও বলেন, পশ্চিমা গণমাধ্যম যখন তথ্য যাচাই শুরু করছে, তখন ‘বর্ণবাদী ইসরাইল’ অপতথ্য ছড়ানো আরও বাড়িয়ে দিয়েছে। তার দাবি, গণহত্যার যৌক্তিকতা প্রতিষ্ঠার জন্য ইসরাইলি সেনাবাহিনীর একটি ‘লেজিটিমাইজেশন সেল’ গল্প বানাচ্ছে। এসব বিষয় তার পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।























