শীতের আগমনী বার্তা নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রকৃতিতে দেখা যাচ্ছে আগাম পদধ্বনি। ভোরের দূর্বা ঘাসে সূর্যের আলোয় শিশিরবিন্দু ঝলমলিয়ে উঠছে, আর দিগন্তজুড়ে কুয়াশায় আচ্ছন্ন হচ্ছে ভোরের আকাশ। সড়ক ও মহাসড়কে কুয়াশার কারণে যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে উপজেলার সর্বত্রই চলছে শীতের প্রস্তুতি।
লেপ-তোশক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা, অন্যদিকে শীতের আগাম সবজি চাষে মনোযোগ দিয়েছেন কৃষকরা।
সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় আগাম শীতের পদধ্বনি বেশ স্পষ্ট। এখানে রাত গভীর হলেই ঠান্ডা অনুভূত হচ্ছে। দিনের বেলা তীব্র গরম থাকলেও গভীর রাতে কুয়াশা নেমে আসার সঙ্গে সঙ্গে ঠান্ডা জেঁকে বসে। এখানকার মানুষরা রাতে ইলেকট্রিক পাখা ব্যবহার করলেও গভীর রাতে ঠান্ডা বেড়ে যাওয়ায় সেই পাখার সুইচ বন্ধ করতে হচ্ছে। গভীর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে এবং সকালে কচুপাতা, আমন ধানের পাতা ও দূর্বা ঘাসে জমাট বাঁধা শিশিরকণা দেখা যাচ্ছে।
এই পরিবেশকে এখানকার মানুষরা শীতের আগাম পদধ্বনি হিসেবে বিবেচনা করছেন। স্থানীয় সচেতন ব্যক্তিত্ব আব্দুল্লাহ মিয়া লাল জানান, শীত আসতে আরও দুই মাস বাকি থাকলেও গভীর রাতে ঠান্ডা ও সকালের কুয়াশা ফুলবাড়ী উপজেলার জনপদে আগাম শীতের বার্তা দিচ্ছে।


























