কিশোর ব্যবহারকারীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত অনলাইন পরিবেশ নিশ্চিত করতে নতুন অভিভাবক নিয়ন্ত্রণ (প্যারেন্টাল কন্ট্রোল) ফিচার চালু করেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধার মাধ্যমে অভিভাবকেরা তাঁদের সন্তান বা কিশোর ব্যবহারকারীদের প্রোফাইলের গোপনীয়তা, গ্রুপে যুক্ত হওয়া, স্ট্যাটাস, চ্যানেল এবং মেটা এআই (Meta AI) ব্যবহারের সীমা নির্ধারণ করতে পারবেন।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, সুবিধাগুলো সম্পূর্ণ ঐচ্ছিক এবং অভিভাবক ও কিশোর ব্যবহারকারীরা একসঙ্গে বসে এগুলো সেটআপ করতে পারবেন। এর ফলে কিশোররা কার সঙ্গে স্ট্যাটাস শেয়ার করবে বা কোন কোন চ্যানেল অনুসরণ করতে পারবে তা অভিভাবকরা নির্ধারণ করতে পারবেন। এমনকি কোনো গ্রুপে নতুন সদস্য যুক্ত হলে, সন্তান নতুন কোনো গ্রুপে যোগ দিলে বা বের হয়ে গেলে অভিভাবকের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এছাড়া মেটা এআই ব্যবহারের ক্ষেত্রে সাধারণ ১৩+ সেটিং বা আরও কড়াকড়ি ‘লিমিটেড কনটেন্ট’ অপশন বেছে নেওয়ার সুযোগ থাকবে।
তবে নতুন এই নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে অভিভাবকদের সন্তান বা কিশোরদের ব্যক্তিগত মেসেজ দেখা কিংবা ফোনকল শোনার কোনো সুযোগ থাকছে না। ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগ ব্যবস্থা আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সম্পূর্ণ গোপনীয় ও সুরক্ষিত থাকবে। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারগুলো পর্যায়ক্রমে বিশ্বজুড়ে চালু করা হচ্ছে।


























