ছোটবেলায় সুনির্মল বসুর ‘হবুচন্দ্রের আইন’ কবিতাটি পড়ার সময় মনে প্রশ্ন জেগেছিল—এমন পরিস্থিতি কি বাস্তবে কোথাও তৈরি হতে পারে? কিন্তু বিগত সরকারের শাসনামলে যখন সাধারণ মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, তখন সেই কাল্পনিক জাহেলিয়াতকেই বাস্তব রূপ নিতে দেখা গেছে। পেটে ক্ষুধার কথা বললেও যেখানে পুলিশি হয়রানির শিকার হতে হতো, সেই ভীতিপূর্ণ পরিবেশ থেকে অবশেষে মুক্তি মিলেছে।
ফ্যাসিস্ট সরকারের আমলে এ দেশের মানুষ মন খুলে নিজেদের কষ্টের কথা প্রকাশ করতে পারত না। তখন মানুষের কান্না ছিল কেবলই বোবা কান্না। কিন্তু ৫ আগস্টের পটপরিবর্তনের পর সেই অবরুদ্ধ অবস্থা কেটে গিয়ে এখন জনগণ তাদের ক্ষোভ ও হতাশা খোলাখুলি প্রকাশ করতে পারছে। মাফিয়া সরকারের স্টিমরোলার থেকে মুক্তি পেয়ে সাধারণ মানুষ আজ সরব প্রতিবাদে মুখর। তবে এই পরিবর্তনের ধারাকে নস্যাৎ করতে এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে দেশবিরোধী চক্র এখনো সক্রিয় রয়েছে বলে সতর্ক থাকতে হবে।


























