ফেনীর পরশুরামে মুহুরী নদীর ভাঙন রোধে ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে একটি স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমান এই গুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দীর্ঘদিনের এই স্থায়ী সমাধান পাওয়ায় উচ্ছ্বসিত পরশুরামবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে মুহুরী নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়, যা স্থানীয় জনগণের জীবনযাত্রায় বড় ধরনের বিপর্যয় ডেকে আনে। এই জনদুর্ভোগ লাঘব করতে সরকার এই মেগা প্রকল্প হাতে নেয়। একনেক সভায় অনুমোদিত এই প্রকল্পের আওতায় নদী ও জলাধার পুনঃখনন, বাঁধ পুনর্বাসন এবং নদীতীর সংরক্ষণের কাজ সম্পন্ন করা হবে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, প্রকল্পের আওতায় প্রায় ৮৩ কিলোমিটার জলাধার খনন ও ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন করা হবে। এর ফলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী তীরবর্তী এলাকার মানুষ ভাঙন ও বন্যার কবল থেকে সুরক্ষা পাবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী পরশুরামে বাঁধ প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি ফুলগাজীতে বিভিন্ন সামাজিক ও কল্যাণমুখী কর্মসূচির উদ্বোধন করবেন। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এই বাঁধ নির্মাণের ফলে এলাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কার্যক্রমেও গতি আসবে।






















