দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে দেশজুড়ে মাসব্যাপী ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছে জামায়াতে ইসলামী। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত এসব কর্মসূচির মাধ্যমে একটি বৈষম্যহীন, ইনসাফপূর্ণ ও মানবিক বাংলাদেশ গড়ার ডাক দেওয়া হয় এবং দলটির সঙ্গে সাধারণ মানুষকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল আগামী স্থানীয় সরকার নির্বাচন, রাজনৈতিক বিভিন্ন দাবি এবং গণভোটের রায় বাস্তবায়নসহ সাত দফা দাবিতে জনমত তৈরি করা। দাওয়াতি কাজের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করেছে দলটি।
জামায়াতের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের সম্ভাব্য প্রার্থীরা এসব কার্যক্রমে অত্যন্ত তৎপর ছিলেন। দলীয় সূত্রে জানা গেছে, এই গণসংযোগের ফলে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে নতুন নেতাকর্মী ও সাধারণ মানুষের জামায়াতে যোগদানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। মাসব্যাপী এই কার্যক্রমে সাধারণ মানুষের কাছ থেকেও বেশ সাড়া মিলেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাসব্যাপী গণসংযোগ কার্যক্রমের উদ্বোধনকালে বিভিন্ন শ্রেণি-পেশার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ জামায়াতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। পর্যায়ক্রমে রাজধানীসহ দেশের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়েও একই ধরনের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।


























