গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালুর পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাব হাতে পেয়েছে তেহরান। কাতারের মধ্যস্থতায় এই বার্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির কাছে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিশ্চিত করে সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, মার্কিন প্রস্তাবটি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের কাছেও উপস্থাপন করা হয়েছে। তবে ওয়াশিংটনের পাঠানো ওই জবাবে কী রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর আগে সংঘাত নিরসন, জব্দকৃত সম্পদ ছাড় ও অবরোধ প্রত্যাহারের শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালি পুনরায় চালুর একটি সাত দিনের রূপরেখা প্রস্তাব করেছিল তেহরান। দীর্ঘস্থায়ী এই সংকট কাটাতে বর্তমানে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।























