বাংলার মাটিতেই শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, এই দেশের প্রজন্ম বেঁচে থাকতে সমাজে ইনসাফ কায়েম হবে এবং জুলাই আন্দোলনের শহীদদের রক্তে গড়া রায়ের বাস্তবায়ন এই জমিনেই হবে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শ্রমিক পরিবারের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সাদিক কায়েম আরও বলেন, যেসব শহীদের রক্তের বিনিময়ে জুলাই বিপ্লব অর্জিত হয়েছে, তাদের আত্মত্যাগের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করবে তারা ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাবে। দেশের বিভিন্ন স্থানে দখলদারত্ব ও চাঁদাবাজির কঠোর সমালোচনা করে তিনি বলেন, বাজার থেকে শুরু করে শিক্ষার্থীদের পড়ার লাইব্রেরি পর্যন্ত দখল করে নেওয়া হচ্ছে। এসব অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শহীদদের মতো মাথা উঁচু করে বেঁচে থাকার শিক্ষাই আমাদের জুলাই বিপ্লব শিখিয়েছে। ফ্যাসিস্ট সরকারের আমলে সংঘটিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই কার্যকর করার মাধ্যমে দেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।


























