নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল নতুন শহর প্রকল্পের একটি ড্রেন থেকে মোদাছের মিয়া (২৮) নামের এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার সকালে ৯ নম্বর সেক্টরের একটি ড্রেন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোদাছের মিয়া আড়াইহাজার পৌরসভার নাগেরচর এলাকার হারুন মিয়ার ছেলে। গত মঙ্গলবার ভোরে তিনি বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর তার পরিবার আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল।
পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে।


























