চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে ছেলে সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সুমিত চৌধুরী (৩১) সাতকানিয়ার আমিলাইষ এলাকার মধু চৌধুরী বাড়ির সুখময় চৌধুরীর ছেলে। রায় ঘোষণার সময় আসামি জামিনে গিয়ে পলাতক থাকায় আদালতে উপস্থিত ছিলেন না বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর। মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত এই রায় প্রদান করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর গোসাইলডাঙ্গার একটি ফ্ল্যাটে কুমকুম চৌধুরীকে ধারালো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। ঘটনার দিন নিহতের বড় ছেলে বাইরে থেকে ফিরে দীর্ঘ সময় দরজার কড়া নাড়ার পর সুমিত দরজা খোলে এবং ঘরের ভেতর মায়ের রক্তাক্ত মরদেহ দেখতে পাওয়া যায়। এ সময় সুমিতের ঘাড়াও জখম অবস্থায় ছিল।
পরবর্তীতে সুমিত নিজেই মাকে হত্যার পর আত্মহত্যার উদ্দেশ্যে নিজের গলায় আঘাত করেছিলেন বলে জানান। এ ঘটনায় ২০১৭ সালে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকার্য শুরু হয় এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।


























