ব্যক্তিচিত্র বা প্রচারের অধিকারের মতো কণ্ঠস্বরও আইনি সুরক্ষা পাওয়ার যোগ্য—এমন একটি যুগান্তকারী রায় দিয়েছে জাপানের আদালত। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জনপ্রিয় এক শিল্পীর কণ্ঠস্বর নকল করার ঘটনায় দেশটিতে এ ধরনের আইনি পদক্ষেপ ও রায় এটাই প্রথম। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বুধবার টোকিও জেলা আদালত জনপ্রিয় কণ্ঠশিল্পী কেনজিরো সুদার দায়ের করা একটি মামলায় এই রায় ঘোষণা করেন। সুদা জাপানি অ্যানিমে ‘জুজুতসু কাইসেন’-এর জনপ্রিয় চরিত্র কেন্তো নানামির কণ্ঠশিল্পী হিসেবে ব্যাপকভাবে পরিচিত। মামলায় তিনি অভিযোগ করেন, তার কণ্ঠের আদলে এআই দিয়ে তৈরি একটি কণ্ঠস্বর ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও প্রচার করা হয়েছে। তবে সুদার দাবি অনুযায়ী ওই ভিডিওগুলো অপসারণের জন্য টিকটক কর্তৃপক্ষের বিরুদ্ধে করা আবেদন আদালত খারিজ করে দিয়েছেন।
জাপানে কণ্ঠস্বরের আইনি অধিকার নিয়ে সুনির্দিষ্ট কোনো আইন না থাকলেও, সম্প্রতি দেশটির বিচার মন্ত্রণালয় এ বিষয়ে কিছু নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, কোনো জীবিত ব্যক্তির কণ্ঠের সঙ্গে হুবহু মিল রয়েছে এমন কৃত্রিম কণ্ঠস্বর ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রকাশ ও তা থেকে আয় করা হলে তা অধিকার লঙ্ঘনের শামिल হতে পারে।























