গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রায়হান সোবহান হৃদয় (৩৩) টঙ্গী সরকারি কলেজের বিবিএস শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে বড় দেওড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাবুল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের ওই নেতা বড় দেওড়া এলাকায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গ্রেপ্তারকৃত নেতার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে গাজীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।


























