কক্সবাজারের চকরিয়ায় ছাত্রদল নেতা ইসফাতুল ইসলাম জিসান হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বড় ভাই কাইছার হামিদ বাদী হয়ে মঙ্গলবার দুপুরে চকরিয়া থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় একই পরিবারের ছয়জনসহ মোট সাতজনকে আসামি করা হয়েছে, যার মধ্যে দুজন নারী সদস্যও রয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। হত্যাকারণের দুই দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে পুলিশের দাবি, আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ২৭ অক্টোবর রাতে ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে চকরিয়া পৌর এলাকা থেকে তার ছোট ভাইকে একদল মুখোশধারী দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে নিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে তারা জানতে পারেন যে, অপহরণকারীরা জিসানকে পৌর সদরের একটি আবাসিক ভবনে আটক করে রেখেছিল। পুলিশ সেখানে তল্লাশি চালিয়েও তাৎক্ষণিকভাবে তার সন্ধান পায়নি।


























