জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার প্রতিযোগিতায় শীর্ষ অবস্থানে রয়েছে কোস্টারিকার রেবেকা গ্রিনস্প্যান। এই পদে বাছাই প্রক্রিয়ার চতুর্থ দফার অনানুষ্ঠানিক ভোটেও তিনি সর্বাধিক সমর্থন লাভ করেছেন। মঙ্গলবারের গোপন ভোটে গ্রিনস্প্যান ১০টি ইতিবাচক ভোট পেয়েছেন। বিপরীতে তিনটি ভোট তার বিপক্ষে গেছে এবং দুজন সদস্য ভোটদান থেকে বিরত ছিলেন।
গোপন প্রক্রিয়ায় অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে সামান্য ব্যবধানে এগিয়ে থাকা গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রড্রিগেস-বিরকেট এবারের ভোটাভুটিতে আটটি সমর্থন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এ ছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান করছেন আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, যিনি বর্তমানে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আইএইএর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সেনেগালের মাকি সাল, ইকুয়েডরের ইভোনে এ-বাকি, ইকুয়েডরের মারিয়া ফের্নান্দা এস্পিনোসা এবং উগান্ডার ওলারাহ ওতুনু।
বর্তমান মহাসচিব পর্তুগালের আন্তোনিও গুতেরেসের দ্বিতীয় দফার পাঁচ বছর মেয়াদি কার্যকাল ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হবে। তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নিতে বর্তমানে মোট সাতজন প্রার্থী লড়াই চালিয়ে যাচ্ছেন, যাদের মধ্যে চারজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।























