মার্কিন নৌবাহিনীর জন্য অত্যাধুনিক ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির বিশাল দায়িত্ব পেয়েছে শীর্ষস্থানীয় মহাকাশ ওপ্রতিরক্ষা প্রতিষ্ঠান বোয়িং। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন জানিয়েছে, প্রায় ২০ বিলিয়ন ডলারের এই গুরুত্বপূর্ণ চুক্তির আওতায় যুদ্ধবিমান নির্মাণের কাজ পরিচালিত হবে।
পেন্টাগনের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, এই চুক্তির অধীনে এফ/এ–এক্স এক্স বা ‘স্ট্রাইক ফাইটার’ ক্যাটাগরির বিমান তৈরি করা হবে, যা মূলত ‘নেক্সট জেনারেশন এয়ার ডমিন্যান্স প্রোগ্রাম’-এর একটি অংশ। ২০৩০-এর দশক থেকে বর্তমানের পুরনো ‘সুপার হর্নেট’ যুদ্ধবিমানগুলোর স্থলাভিষিক্ত হবে এই নতুন প্রজন্মের যুদ্ধবিমানগুলো।
মার্কিন প্রশাসনের মেয়াদে ষষ্ঠ প্রজন্মের অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির জন্য বোয়িং দ্বিতীয়বারের মতো পেন্টাগনের আস্থা অর্জন করল। এর আগে নতুন একটি স্টেলথ যুদ্ধবিমান নির্মাণের জন্যও বোয়িংকে নির্বাচিত করা হয়েছিল।























