গরুকে জাতীয় পশু ঘোষণা করার দাবি প্রসঙ্গে স্পষ্ট মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, কিছু মানুষ গরুকে জাতীয় পশু ঘোষণা করার কথা বললেও তাদের কাছে গরু কোনো পশু নয়, বরং মা। সনাতন ঐতিহ্যে গরু ইতিমধ্যেই মাতৃরূপে পূজিত হওয়ায় এর জন্য কোনো সরকারি বা আনুষ্ঠানিক ঘোষণার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
লক্ষ্ণৌতে বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) প্রাক্তন নেতা অশোক সিঙ্ঘলের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই বক্তব্য দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, গঙ্গার মতো পবিত্র বিষয়গুলোকে কেউ মা বলে চিনিয়ে দেয় না, এগুলো আমাদের সভ্যতার মৌলিক মূল্যবোধ। যারা গরুকে শুধু পশু হিসেবে দেখেন, তাদের চিন্তাধারাই পশুসুলভ।
অনুষ্ঠানে গো-রক্ষার ওপর বিশেষ জোর দিয়ে মুখ্যমন্ত্রী জানান, ভক্তদের উচিত গো-সংরক্ষণ ও পালনে মনোযোগী হওয়া। পাশাপাশি, উত্তরপ্রদেশে গো-হত্যা রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন মহল থেকে গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি উঠলেও কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে এ বিষয়ে এখনো কোনো প্রস্তাব তাদের বিবেচনায় নেই।























