এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ দল জাপানে পৌঁছেছে। তবে প্রতিকূল আবহাওয়া এবং বৃষ্টির কারণে এখন পর্যন্ত খুব বেশি অনুশীলন করতে পারেননি লিটন দাসের নেতৃত্বাধীন দল। বৃষ্টির কারণে অনুশীলন পণ্ড হলেও অধিনায়ক লিটন আত্মবিশ্বাসী যে তার দল ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।
জাপানে পৌঁছানোর পর গত তিন দিনে বাংলাদেশ দল কোনোমতে অল্প কিছু অনুশীলন করতে পেরেছে। বৃষ্টির ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাওয়া গেছে, ক্রিকেটাররা সেটুকু সময় নেটে অনুশীলন করে নিজেদের প্রস্তুত করেছেন। তবে অনুশীলন সুবিধা নিয়ে দলের কোনো সদস্যের তেমন অভিযোগ নেই। টাইগার অধিনায়ক লিটন জানিয়েছেন, দেশ থেকেই এমন পরিস্থিতির জন্য তারা প্রস্তুত হয়ে এসেছিলেন।
বৃষ্টিতে অনুশীলন বাধাগ্রস্ত হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘প্রতিটি দলের জন্যই একই বিষয়। আবহাওয়ার ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই। যতটুকু সুবিধা তারা আমাদের দিয়েছে, আমাদের পক্ষে যতটুকু সম্ভব ছিল, আমরা চেষ্টা করেছি নিজেদের প্রস্তুত করার।’
বাংলাদেশ থেকেই নিজেদের ম্যাচ খেলার জন্য প্রস্তুত করে এসেছেন জানিয়ে লিটন আরও বলেন, ‘দেশ থেকে আসার আগে আমরা অনেক প্রস্তুতি নিয়েছি। আমি খেলোয়াড়দের বলেছি, ওখানে গিয়ে খুব একটা প্রস্তুতির সুযোগ থাকবে না। মানসিকভাবে ওইরকম প্রস্তুতি ছিল। এই দেশটা ক্রিকেটের জন্য তেমন পরিচিত না, তাই প্রস্তুতির জন্য খুব একটা সুবিধা দিতে পারবে কিনা, সেটা নিয়ে সন্দেহ ছিল; সে কারণে আমরা ওখান থেকে প্রস্তুতি নিয়ে এসেছি। আমার ধারণা, খেলোয়াড়রা মাঠে নামার জন্য প্রস্তুত।’
আগামীকাল সকালে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচেও বৃষ্টির বাধা আসার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ সেমিফাইনালে যাবে। তবে অধিনায়ক লিটন ম্যাচটি খেলতে চান।
তিনি বলেন, ‘আপাতত কালকের ম্যাচের (মালয়েশিয়া) দিকে নজর। ম্যাচ না হলে কিছু করার থাকবে না। বৃষ্টির ওপর তো কারো নিয়ন্ত্রণ নেই।’ উইকেট এবং দলের কম্বিনেশন নিয়ে তিনি আরও বলেন, ‘উইকেটটা বোলারদের জন্য সহায়ক। আমাদের দলের যারা সেরা বোলার আছে, তারা খেলবে। টিম কম্বিনেশন হবে ৫ বোলার, ৬ ব্যাটার।’
এশিয়ান গেমসে এখন পর্যন্ত কেবল একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ। ক্রিকেটে পদক জয়ের সম্ভাবনা বেশি, সেই চাপটা অনুভব করছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন, ‘আপাতত না। প্রথম ম্যাচটা খেলি। জিতলে চিন্তাভাবনা করব।’

























