আবাসিক, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে দেশজুড়ে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে ১৩ হাজার ৬২৮ জনকে।
আবাসিক বিধি, সীমান্ত সুরক্ষা এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১২ হাজার ৬২৮ জন অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, বিশেষ এই অভিযানে মোট ১৩ হাজার ৬০০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৭ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবের সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানের মাধ্যমে এসব প্রবাসীকে গ্রেপ্তার ও পরবর্তীতে দেশে ফেরত পাঠানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সপ্তাহব্যাপী এই অভিযানে সর্বমোট ১৩ হাজার ৬২৮ জনকে হেফাজতে নেয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে আবাসিক আইন অমান্য করার দায়ে ৬ হাজার ৫৯৩ জন, সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৩১ জন এবং শ্রম আইন ভঙ্গের অভিযোগে ৩ হাজার ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া অবৈধ পথে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর হাতে আরও ১ হাজার ১৯৭ জন আটক হয়েছেন। আটককৃত এই ব্যক্তিদের মধ্যে ৬৩ শতাংশ ইথিওপিয়ার, ৩৬ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে, অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টাকালে আরও ২৭ জনকে গ্রেপ্তার করা হয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১২ হাজার ৬২৮ জনকে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি প্রয়োজনীয় ভ্রমণ নথি বা পাসপোর্ট সংগ্রহের লক্ষ্যে ১৮ হাজার ৫৪৯ জন আইন লঙ্ঘনকারীকে তাদের নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। একই সঙ্গে আরও ৩ হাজার ৮১৫ জনকে দেশে ফেরার প্রস্তুতি বা ভ্রমণসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, এসব আইন লঙ্ঘনকারীদের পরিবহন সুবিধা দেওয়া, আশ্রয় প্রদান কিংবা কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার অভিযোগে আরও ২২ জনকে গ্রেপ্তার করেছে সৌদি কর্তৃপক্ষ।
তথ্যসূত্র: গালফ নিউজ


























