কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ বিক্ষোভ মিছিলে ‘সিবিকে’ (CBK) নামক কিশোর গ্যাংয়ের দলনেতা তানজিম আব্দুল্লাহর উপস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
সম্প্রতি কুমিল্লা মহানগরে অনুষ্ঠিত ওই রাজনৈতিক মিছিলে তানজিম আব্দুল্লাহর অংশ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এর আগে নগরীতে সিবিকে গ্রুপের একটি মহড়ায় বড় রামদা হাতে এই তানজিমকে দেখা গিয়েছিল, যা নিয়েও তখন স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছিল।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, মিছিলের প্রথম সারিতে কুমিল্লা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিনের ঠিক পেছনেই অবস্থান করছিল কিশোর গ্যাং লিডার তানজিম। নেটিজেনদের অভিযোগ, রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে এমন অপরাধ চক্রের সদস্যদের উপস্থিতি উদ্বেগজনক।
অনুসন্ধানে জানা যায়, সিবিকে গ্রুপের প্রধান তানজিম আব্দুল্লাহকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাতিন ইশরাক মোল্লা ও নেতা ফজলে রাব্বি আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাতিন ইশরাক বলেন, ‘ছোটবেলা থেকেই সে আমার পরিচিত এবং একসময় একসাথে চলাফেরা করত। মাঝে সে ভিন্ন পথে চলে গেলেও গত এক বছর ধরে তার খারাপ কোনো কর্মকাণ্ড দেখিনি। এরপরও সে যদি কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকে, তবে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’
অন্যদিকে, যুবদল নেতা রিয়াজ উদ্দিন দাবি করেন, মিছিলে বহু মানুষ অংশ নেয় এবং তিনি তানজিমকে খেয়াল করেননি। যতদূর জানেন, সে কুমিল্লা সার্ভে ইনস্টিটিউটের ছাত্র ছিল, এর বেশি কিছু তার জানা নেই।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কিশোর গ্যাং লিডার তানজিম আব্দুল্লাহর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে, নগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ২৫৪ জনকে আটক করেছে পুলিশ। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানিয়েছেন, আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


























