দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে উল্লেখ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপির সন্ত্রাসীরা দখলবাজি ও চাঁদাবাজির অংশ হিসেবে জনগণের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে হামলা চালাচ্ছে। তারা ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণের সম্পদ দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে, যা তাদের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে রাজধানীর নয়াপল্টনের ইসলামী ব্যাংক স্পেশালাইজড অ্যান্ড জেনারেল হাসপাতালে ভাঙচুর ও স্টাফদের মারধর, মিরপুর-১ এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়া এবং কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাটের তীব্র নিন্দা জানানো হয়। একই সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতারের দাবি জানানো হয়।
গোলাম পরওয়ার বলেন, গত ২৫ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ এ নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুর চালানো হয়। সংরক্ষিত নারী আসনের এক সংসদ সদস্যের মদদপুষ্ট বিএনপির সন্ত্রাসীরা এই তাণ্ডব চালায় এবং স্থাপনাটি গুঁড়িয়ে দিয়ে দখল নিতে সাইনবোর্ড টাঙিয়ে দেয়। জনস্বাস্থ্য সুরক্ষার একটি চিকিৎসাকেন্দ্র এভাবে ধ্বংস করার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।
তিনি আরও বলেন, গত শনিবার রাতে ইসিবি চত্বরে জুলাইযোদ্ধা সালমান মুক্তাদিরের স্টুডিওতে রামদা ও কুড়াল নিয়ে হামলা চালায় বিএনপির কর্মীরা। জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে সংঘটিত এই হামলায় মূল্যবান সরঞ্জাম ভাঙচুর ও লুটপাট করা হয়। অবিলম্বে এসব ঘটনার মূল হোতাদের গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তিনি।


























