পরিচয় গোপন করে দীর্ঘ ২৭ বছর ধরে ভারত ও কুয়েতে আত্মগোপনে থাকার পর খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ঘনিষ্ঠ সহযোগী এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
র্যাব-৮ ও র্যাব-৬ এর একটি দল যৌথভাবে গত শনিবার দিবাগত রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। গ্রেপ্তার জয়নাল সরদার বরিশালে গৌরনদী উপজেলার বংকুরা গ্রামের মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
১৯৯৯ সালে খুলনা জেলার রূপসা থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আদালত জয়নাল সরদারকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া লাশ গুমের অভিযোগে তাকে পৃথকভাবে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, চাঞ্চল্যকর এই হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী এরশাদ শিকদারের ফাঁসি কার্যকর হয়েছিল। একই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন পলাতক ছিলেন জয়নাল।
বরিশাল র্যাব-৮ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামiniকে রোববার খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


























