হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং চলমান যুদ্ধ বন্ধে তেহরানের প্রস্তাবিত সাত দিনের রোডম্যাপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রাথমিক প্রতিক্রিয়া লক্ষ্য করেছে ইরান। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট জানিয়েছেন, মধ্যস্থতাকারিদের মাধ্যমে এখনো যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক ও লিখিত জবাব পায়নি তেহরান।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে দাবি করেন যে, অর্থনৈতিক সংকটের কারণেই তেহরান যুদ্ধবিরতি ও চুক্তির জন্য চাপ দিচ্ছে। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক কূটনৈতিক অবস্থানের অপেক্ষায় রয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, আমাদের শর্তগুলো অত্যন্ত স্পষ্ট এবং সুনির্দিষ্ট। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার যেকোনো কার্যকর পদক্ষেপ কেবল এসব শর্ত পূরণের ওপরই নির্ভর করছে।
তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান এই কূটনৈতিক অচলাবস্থা নিরসনে কেবল আলোচনার মাধ্যমেই একটি স্থায়ী সমাধান আসতে পারে। তেহরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ ও প্রণালী চালুর বিষয়ে যে সাত দিনের রোডম্যাপ দেওয়া হয়েছে, তার ওপর ওয়াশিংটনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মধ্যস্থতাকারীদের মাধ্যমে তাদের হাতে এসে পৌঁছায়নি বলে জানান তিনি।























