ইতালির সিসিলি দ্বীপে অবস্থিত মাউন্ট এতনা আগ্নেয়গিরি আবারও সক্রিয় হয়ে উঠেছে। সাম্প্রতিক অগ্ন্যুৎপাতের ফলে প্রায় ৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ছাইয়ের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এর জেরে সিসিলির কাতানিয়া বিমানবন্দরে শনিবার সকল আগমনকারী ফ্লাইট স্থগিত ঘোষণা করা হয়, যা বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটিয়েছে।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) এই তথ্য নিশ্চিত করেছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, অগ্ন্যুৎপাতের কারণে বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং আকাশসীমার সি-১ সেক্টর বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কাতানিয়া বিমানবন্দরে ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন উভয় ক্ষেত্রেই কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয় ছাইয়ের কারণে ২৬ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত সকল আগমনকারী ফ্লাইট স্থগিত রাখা হয়। এর আগে প্রতি ঘণ্টায় ১২টি ফ্লাইট অবতরণের অনুমতি থাকলেও তা কমিয়ে চারটি করা হয়েছিল। সম্পূর্ণ ফ্লাইট স্থগিত করার আগে আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়, যার মধ্যে পাঁচটি পালের্মো, তিনটি ত্রাপানি এবং দুটি কোমিসোর দিকে পাঠানো হয়। এছাড়া ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসোর দিকে ঘুরিয়ে দেওয়া হয়।























