ভারতের পশ্চিমবঙ্গে খ্রিস্টান সম্প্রদায়কে লক্ষ্য করে অন্তত ৬০টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে মানবাধিকার সংস্থা ইন্ডিয়া হেট ল্যাব (আইএইচএল)। চলতি বছরের ১৩ মে থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যটির ১৩টি জেলায় এসব সহিংসতার ঘটনা ঘটে বলে সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
আইএইচএলের দাবি, পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তন ও সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকেই খ্রিস্টানদের ওপর এ ধরনের হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এমনকি বেশ কিছু ঘটনায় হামলাকারীরা সরাসরি রাজ্য ক্ষমতার পরিবর্তনের প্রসঙ্গটি তুলে ধরেছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, নথিভুক্ত ৬০টি ঘটনার মধ্যে ৫২টি ক্ষেত্রেই ব্যক্তিগত প্রার্থনাসভা, বাড়িঘর, গির্জা এবং অন্যান্য খ্রিস্টান সমাবেশে জোরপূর্বক হামলা চালানো হয়েছে। এছাড়া শারীরিক নির্যাতন, সংঘবদ্ধ হামলা ও ভাঙচুরের আটটি ঘটনা ছাড়াও প্রকাশ্যে বিদ্বেষমূলক বক্তব্য এবং ধর্মান্তরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার তথ্যও সংগ্রহ করা হয়েছে।























