ইরানের পক্ষ থেকে পেশ করা সাত দিনের শান্তি রোডম্যাপ বা প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ওই প্রস্তাবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা এবং সব অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল।
জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনের কাছে এই প্রস্তাব হস্তান্তর করা হয়েছিল। প্রস্তাব অনুযায়ী, চুক্তি স্বাক্ষরিত হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুদ্ধবিরতির সময়সীমা শুরু হওয়ার কথা ছিল। বিনিময়ে তেহরান মার্কিন বন্দর অবরোধ প্রত্যাহার, জব্দকৃত অর্থ ফেরত এবং তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানায়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই কূটনৈতিক যোগাযোগকে ইতিবাচক হিসেবে বর্ণনা করা হলেও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে যে, ট্রাম্প ইরানের এই আশ্বাসের বিষয়ে পুরোপুরি সন্দিহান। এমনকি আগামী নভেম্বরের কংগ্রেস নির্বাচনের পর দেশটিতে নতুন করে বোমা হামলা চালানোর সম্ভাবনার কথাও তিনি তাঁর সহযোগীদের জানিয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে ব্যাপক সংঘাত শুরু হয়, যাতে হাজারো মানুষের প্রাণহানির পাশাপাশি ইরানের সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে ইরান ও এর মিত্র গোষ্ঠীগুলোও আঞ্চলিক সংঘাতে জড়িয়ে পড়ে।























