পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী ইসলামী বইমেলা জমে উঠেছে। মেলা শুরুর প্রথমদিকের মন্দা কাটিয়ে দিন দিন বইপ্রেমীদের আনাগোনা বাড়ার পাশাপাশি বিক্রিও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত ১২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের আয়োজনে এবারের মেলায় মোট ২০৬টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে অংশ নিয়েছে দেশি-বিদেশি ১৯৩টি প্রকাশনা প্রতিষ্ঠান। মেলায় বাংলাদেশ ছাড়াও মিসর, লেবানন, পাকিস্তান ও ভারতের ৭টি আন্তর্জাতিক প্রকাশনী অংশ নিয়েছে। পাঠকদের জন্য মেলার বিভিন্ন স্টলে ১০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে, যেখানে ইসলামিক ফাউন্ডেশনের বইয়ে মিলছে বিশেষ কমিশন। বই বিক্রির পাশাপাশি মেলার অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে ওয়াফা হিফজ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত ‘সীরাত এক্সিবিশন’, শিশু চত্বর এবং নারীদের জন্য পৃথক বসার ব্যবস্থা।
মেলা প্রাঙ্গণে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন জানান, বিগত ১৭ বছর ইসলামিক ফাউন্ডেশনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে; সে অবস্থা থেকে মুক্ত করে প্রতিষ্ঠানটিকে খাঁটি জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। ধর্মীয় শিক্ষাসহ নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রসারে এই মেলা বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা এবং ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


























