বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পূর্ণ সরকারি ব্যবস্থাপনায় ব্রুনেইয়ের বিভিন্ন প্রতিষ্ঠানে ২৭৯ জন পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হচ্ছে। কারিগরি ও সাধারণ শ্রম খাতের বিভিন্ন পদে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদনের সুযোগ পাচ্ছেন, যার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মীদের মধ্যে নির্মাণশ্রমিক, এসি টেকনিশিয়ান, খামারশ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, ফোরম্যান, ড্রাফটম্যান, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কাঠমিস্ত্রি, বিভিন্ন শ্রেণির যানবাহন চালক, সুপারভাইজার, অপারেটর এবং সাধারণ শ্রমিক অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ‘সেরিকাট নর আওয়ান এসডিএন বিএইচডি’ নামের একটি প্রতিষ্ঠানেই ২২২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। পদভেদে কর্মীদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ৬০০ ব্রুনেই ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭,৮৬৬ টাকা) এবং দৈনিক মজুরি ২০ থেকে ২২ ব্রুনেই ডলার (প্রায় ১,৯২৯ থেকে ২,১২২ টাকা)।
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন ফি হিসেবে ২০০ টাকা প্রদান করতে হবে। শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ, ভ্যাট রেজিস্ট্রেশন ও আনুষঙ্গিক ব্যয় বাবদ পে-অর্ডারের মাধ্যমে অর্থ জমা দিতে হবে। এর মধ্যে দক্ষ কর্মীদের জন্য ৫৬,৩৫০ টাকা এবং আধা দক্ষ বা অদক্ষ কর্মীদের জন্য ৪৪,৮৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, নিয়োগপ্রাপ্ত কর্মীদের দৈনিক ৮ ঘণ্টা ডিউটি করতে হবে এবং প্রাথমিক চুক্তির মেয়াদ হবে দুই বছর, যা পরবর্তীতে নবায়নযোগ্য। ব্রুনেইয়ের শ্রম আইন অনুযায়ী নির্বাচিত কর্মীদের থাকা-খাওয়া ও আসা-যাওয়ার বিমানভাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। এছাড়া চিকিৎসা, বিমা ও ছুটির অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ম অনুযায়ী প্রযোজ্য হবে।


























