ফেসবুক পোস্টের জেরে নির্মাতা অনন্য মামুনসহ কয়েকজন শিল্পীকে হুমকি দেওয়ার অভিযোগ
ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার পর থেকে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন নির্মাতা অনন্য মামুন। ফেসবুক পোস্টে তিনি বিষয়টি প্রকাশ্যে এনেছেন।
চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, হাদিকে নিয়ে একটি স্ট্যাটাস দেওয়ার পর থেকেই তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন,
“হাদিকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর থেকে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তারা জানে না, হাদি আমার কাছে একটা ভালোবাসার নাম। আর মৃত্যুভয় আমি কখনোই পাই না। যেদিন পৃথিবীতে এসেছি, সেদিনই আল্লাহ তাআলা আমার মৃত্যুর দিন ঠিক করে রেখেছেন।”
এর আগে অনন্য মামুন হাদিকে নিয়ে দেওয়া এক পোস্টে লিখেছিলেন, হাদির মতো একজন তরুণ রাজনীতিক দরকার—যিনি সব রাজনৈতিক দলের সমালোচনা করার সাহস রাখেন।
তবে একই সময়ে একটি ভিন্ন ঘটনায় বিতর্ক তৈরি হয়। অনন্য মামুন মডেল মারিয়া কিসপোট্টাকে নিয়ে একটি পোস্ট দেন, যেখানে তিনি তাকে আইনের আওতায় আনার দাবি জানান। মামুনের অভিযোগ, মারিয়া শরিফ ওসমান হাদিকে নিয়ে মন্তব্য করে তাকে অপমান করেছেন।
এদিকে হাদিকে কেন্দ্র করে কথা বলার জেরে অনন্য মামুন ছাড়াও নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমককেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। হুমকিদাতারা চমকের ফোন নম্বর ফাঁস করেছে এবং বান্নাহর অবস্থান ট্র্যাক করা হচ্ছে বলেও জানানো হয়েছে।
অভিযোগ অনুযায়ী, “ডাল্টন সৌভাতো হীরা” নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এসব হুমকি দেওয়া হচ্ছে। এর আগে একই অ্যাকাউন্ট থেকে ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদি–কেও হুমকি দেওয়া হয়েছিল বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাংস্কৃতিক অঙ্গনের অনেকে। তারা বলছেন, মতপ্রকাশের কারণে শিল্পী ও নির্মাতাদের হুমকি দেওয়া গণতন্ত্র ও স্বাধীন মতপ্রকাশের জন্য ভয়াবহ ইঙ্গিত বহন করে।
















