ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার যমুনা এক্সপ্রেসওয়েতে একটি পর্যটকবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন এবং এ ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে নয়ডা থেকে উত্তরপ্রদেশের মাহোবার দিকে যাওয়ার পথে চলন্ত বাসটিতে হঠাৎ আগুন ধরে যায়। বাসটিতে ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন এবং ভোরে আগুন লাগার সময় অধিকাংশ যাত্রীই গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের বর্ণনা অনুযায়ী, মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই জানালা দিয়ে লাফিয়ে বাসের বাইরে আসার চেষ্টা করেন। তবে তীব্র ধোঁয়া এবং হুড়োহুড়ির কারণে পেছনের দিকের বেশ কয়েকজন যাত্রী সময়মতো বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও জেওয়ার থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করে।
এদিকে মর্মান্তিক এই বাস দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বাসে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং দুর্ঘটনার পেছনের প্রকৃত রহস্য উদ্ঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।























