জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং অর্থ পাচারের (মানিলন্ডারিং) অভিযোগে বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাব এডিটর, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের সাথে সম্পৃক্ত বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। দুদকের অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী, নঈম নিজামের কাছে ২ কোটি ৮ লাখ টাকার অধিক জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে এবং তার স্বার্থসংশ্লিষ্ট ১৯টি ব্যাংক হিসাবে প্রায় ৩৯ কোটি ৪০ লাখ টাকা অবৈধ লেনদেনের তথ্য মিলেছে।
অন্যদিকে, ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ২ কোটি ৭৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি তার নামে পরিচালিত ১৭টি ব্যাংক হিসাবে ২১ কোটি ৯ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত এই অর্থ গোপন বা আড়াল করার উদ্দেশ্যে বিভিন্ন অ্যাকাউন্টে স্থানান্তর ও রূপান্তর করা হয়েছিল।
নঈম নিজামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধেও একই আইনের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা রেকর্ড করা হয়েছে। এর আগে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত অভিযুক্তদের এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য, বিগত সরকার পতনের পর থেকে তারা দুজনই দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন বলে জানা গেছে।


























