গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা এলাকাধীন বগুড়া-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৯২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালের দিকে উক্ত মহাসড়ক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে খাজা আল মামুন (৪৭) এবং একই গ্রামের সুরুজ জামালের ছেলে মো. সজিব (২৪)।
এসআরবি-১৩-এর পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর বগুড়া থেকে রংপুরগামী মহাসড়কের পশ্চিম লেনে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘জিএস লাইন পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসে থাকা দুই যাত্রী খাজা আল মামুন ও সজিবের দেহ তল্লাশিকালে তাঁদের পরিহিত প্যান্টের পকেট থেকে নীল রঙের দুটি বায়ুরুদ্ধ (এয়ারটাইট) পলি প্যাকেট উদ্ধার করা হয়। পরবর্তীতে প্যাকেট দুটির ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ২৯২ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। একই সময়ে তাঁদের কাছ থেকে মাদক বেচাকেনার নগদ ১ লাখ টাকা জব্দ করা হয়।
অভিযানের বিষয়ে এসআরবি-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। জব্দ করা ইয়াবা ও নগদ অর্থ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।


























