জাপানে বিনা মূল্যে উচ্চশিক্ষার একটি সুযোগ নিয়ে এসেছে টোকিও বিশ্ববিদ্যালয়ের মেক্সট স্কলারশিপ। ২০২৬ সালের জন্য এই বৃত্তির আবেদন প্রক্রিয়া ১৫ অক্টোবর থেকে শুরু হয়েছে। এই বৃত্তি কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।
মেক্সট (এমইএক্সটি) শব্দটি মূলত মিনিস্ট্রি অব এডুকেশন, কালচার, স্পোর্টস, সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমইসিএসএসটি)-এর সংক্ষিপ্ত রূপ। ১৯৫৪ সাল থেকে জাপান সরকার বিশ্বের প্রায় ১৬০টি দেশের ছাত্রদের জন্য এই বৃত্তি দিয়ে আসছে। এটি জাপান সরকার প্রদত্ত বৃত্তিগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ও সম্মানিত। এই বৃত্তির ভিসা পেলে তাতে ‘গভট. স্কলার’ লেখা থাকে। এই বৃত্তি প্রদানের লক্ষ্য হলো গবেষণার মাধ্যমে বৃত্তিপ্রাপ্ত দেশ এবং জাপানের মধ্যে বন্ধুত্বের সেতু হয়ে ওঠা মানবসম্পদকে উৎসাহিত করা এবং উভয় দেশ ও বৃহত্তর বিশ্বের উন্নয়নে অবদান রাখা।
টোকিও বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানা যায় যে এটি জাপানের একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী, এটি বিশ্বের ২৪তম এবং টোকিওর শীর্ষ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে ১০টি ফ্যাকাল্টিতে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী পড়াশোনা করেন, যার মধ্যে দুই হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছেন।
আবেদনের জন্য শিক্ষার্থীদের জিপিএ কমপক্ষে ২.৩০ হতে হবে এবং জন্মতারিখ ২ এপ্রিল ১৯৯১ সালের পরে হতে হবে। আবেদনকারীর ইংরেজি বা জাপানি ভাষায় দক্ষতা থাকা আবশ্যক। আবেদনকারীকে ‘Student’ ভিসা নিয়ে নির্ধারিত তারিখে জাপানে যেতে হবে। পূর্বে মেক্সট বৃত্তি পেয়ে থাকলে বা বর্তমানে জাপানে বসবাস বা অধ্যয়নরত থাকলে এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে না।
বৃত্তির সুবিধাগুলোর মধ্যে রয়েছে মাসিক ভাতা—মাস্টার্সের জন্য ১,৪৪,০০০ ইয়েন এবং পিএইচডির জন্য ১,৪৫,০০০ ইয়েন। গবেষণাভেদে অতিরিক্ত ২,০০০–৩,০০০ ইয়েন ভাতাও দেওয়া হবে। টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে। এছাড়া, নিজ দেশের নিকটবর্তী বিমানবন্দর থেকে জাপান পর্যন্ত ইকোনমি ক্লাসে যাতায়াত খরচও বহন করা হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে আবেদন ফরম, গবেষণা পরিকল্পনা ও স্টেটমেন্ট অব পারপাস, ডিনের সুপারিশপত্র, পাসপোর্ট সাইজের ছবি, পূর্ববর্তী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট, ভাষাগত দক্ষতার প্রমাণ, থিসিসের সারসংক্ষেপ এবং স্নাতক সম্পন্নের বা সম্ভাব্য সম্পন্নের প্রমাণপত্র ও পাসপোর্টের কপি।
আবেদন প্রক্রিয়ার ধাপগুলো হলো: প্রথমে টোকিও বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট স্কুল অব সায়েন্সে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন করতে হবে। এরপর মেক্সট বৃত্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদনপত্র ইংরেজি বা জাপানি ভাষায় জমা দেওয়া যাবে। আবেদন জমা দেওয়ার পর ট্র্যাকিং রিসিপ্টও জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত।















