বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অপহরণের পর এক বিএনপি কর্মীকে হত্যা এবং দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার পর এক জামায়াত কর্মীকে হত্যা করার মামলায় কক্সবাজার-১ (চকোরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. জাফর আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে কারাগারে পাঠানোর এই আদেশ প্রদান করে।
মামলার বিবরণ ও ট্রাইব্যুনালের প্রসিকিউশন সূত্রে জানা গেছে, শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিক প্রতিপক্ষ ও বিরোধী মতাদর্শের মানুষকে দমনের যে প্রক্রিয়া পরিচালিত হয়েছিল, চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলম ছিলেন তার অন্যতম সহযোগী। সাবেক এই এমপি ও তার সহযোগীরা বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অপহরণের ঘটনায় যুক্ত ছিলেন এবং পরবর্তীতে এক বিএনপি কর্মীকে হত্যা করা হয়। এ ছাড়া দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার পর জামায়াতে ইসলামীর এক কর্মীকে হত্যার ঘটনাতেও তার নাম উঠে এসেছে। এসব ঘটনায় নেতৃত্বের দায়ে তার বিরুদ্ধে ‘সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি’ বা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুই পৃথক হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একটি সমন্বিত মামলা গ্রহণ করা হয়েছে। পূর্ববর্তী নির্ধারিত ধার্য তারিখে আসামি জাফর আলমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রডাকশন ওয়ারেন্ট (হাজিরা পরোয়ানা) জারির আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেছিল। সেই পরোয়ানার ধারাবাহিকতায় বুধবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এবং শুনানি শেষে সংশ্লিষ্ট মামলায় আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।


























