জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আফ্রিকার জন্য অন্তত একটি স্থায়ী আসন বরাদ্দের জোরালো আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, একুশ শতকের বাস্তবতায় নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী সদস্যপদ না থাকা অন্যায্য ও অগ্রহণযোগ্য। এই কাঠামোগত বৈষম্য অবশ্যই পরিবর্তন করতে হবে।
গাজা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেন, বিশ্বে চলমান সংকটগুলো মূলত ক্ষমতার লড়াইয়েরই অংশ। গাজায় হামাসের হামলার পর প্রায় তিন বছর ধরে চলা ধ্বংসযজ্ঞকে তিনি তার দায়িত্ব পালনকালের মধ্যে নজিরবিহীন বলে অভিহিত করেন। তিনি আন্তর্জাতিক আইন ও আদালতের আদেশ মেনে ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্বশান্তি প্রসঙ্গে মহাসচিব উল্লেখ করেন, কেবল সামরিক বা অর্থনৈতিক শক্তি দিয়ে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এর জন্য আইনের শাসন এবং সংযম প্রয়োজন। তিনি বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান যাতে ক্ষমতার দাপট নয়, বরং আইনের শাসনই পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করে।























