ব্রেক্সিট-পরবর্তী জটিলতায় সুইডেনে বসবাসের অধিকার হারিয়ে বিপাকে পড়েছেন চার শতাধিক ব্রিটিশ নাগরিক। দেশটিতে দীর্ঘ আইনি লড়াইয়ের পর ৬৫ বছর বয়সি চার্লস নামের এক ব্রিটিশ নাগরিককে জোরপূর্বক যুক্তরাজ্যে ফেরত পাঠানো হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত সুইডেন ৪৫৮ জন ব্রিটিশ নাগরিককে অপসারণ করেছে, যা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ।
দীর্ঘ ৯ বছর সুইডেনে বসবাসরত চার্লস সেখানে নিজের ঘর ও প্রিয়তমা স্ত্রীকে ছেড়ে আসতে বাধ্য হয়েছেন। ব্রেক্সিটের আগে বৈধভাবে বসবাস শুরু করলেও, নতুন নিয়মে বসবাসের অনুমতি সংক্রান্ত আবেদন প্রত্যাখ্যাত হওয়ায় তাকে দীর্ঘ পাঁচ বছর আইনি লড়াই করতে হয়েছে। যুক্তরাজ্যে তার কোনো আপনজন বা স্থায়ী ঠিকানা না থাকায় তিনি বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।
ভুক্তভোগী চার্লস জানান, সম্প্রতি তাকে ও তার স্ত্রীকে পুলিশ স্টেশনে ডেকে নিয়ে আকস্মিকভাবে আটক করা হয়। কোনো প্রকার সুযোগ না দিয়েই তাকে সুইডেন থেকে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। হিথরো বিমানবন্দরে পৌঁছানোর সময় তার সঙ্গে ছিল কেবল দুটি ব্যাগ। সুইডেনে ফিরে গিয়ে পুনরায় স্ত্রীর সঙ্গে শান্তিপূর্ণ জীবনযাপনের স্বপ্ন দেখছেন তিনি।























