যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রস্তাবিত বিশাল বিজয় তোরণকে একটি ‘উচ্চমানের সামরিক কমপ্লেক্সে’ রূপ দেওয়ার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মার্কিন সামরিক বাহিনীর অনুরোধেই এই তোরণের নকশায় ড্রোন, স্নাইপারদের গোলাবারুদ এবং ছাদ ও চত্বরে বিশেষ স্নাইপার সুবিধা রাখার পরিকল্পনা করা হয়েছে।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রায় ২৫০ ফুট উঁচু এই স্থাপনায় বিপুল পরিমাণ স্নাইপার গোলাবারুদ সংরক্ষণ ও দ্রুত ব্যবহারের ব্যবস্থা থাকবে। তিনি আরও দাবি করেন, এ ধরনের স্থাপনা বিশ্বের আর কোথাও নেই।
ওয়াশিংটনের মেমোরিয়াল ব্রিজের কাছে গুরুত্বপূর্ণ একটি এলাকায় এই বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এর অবস্থান নিয়ে ইতোমধ্যে নানা প্রশ্ন উঠেছে। তোরণটি নির্মিত হলে লিংকন মেমোরিয়াল, আর্লিংটন ন্যাশনাল সেমেটারি এবং আশপাশের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যকার দৃশ্যমান সম্পর্ক ও ঐতিহাসিক দৃশ্যপটে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
জাতীয় উদ্যান কর্তৃপক্ষও এই প্রকল্পটি নিয়ে উদ্বেগ জানিয়েছে। ন্যাশনাল পার্ক সার্ভিসের একটি পরিকল্পনা নথিতে বলা হয়েছে, তোরণটি নির্মাণের ফলে আশপাশের ঐতিহাসিক স্থাপনাগুলোর ওপর বিরূপ প্রভাব পড়তে পারে। কর্তৃপক্ষ আরও বিস্তারিত পরিকল্পনা ও প্রস্তুতির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।
তোরণটির নির্ধারিত স্থানটি রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় এর প্রভাব নিয়েও প্রশ্ন উঠেছে। ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যদের কেউ কেউ বিমান চলাচলের নিরাপত্তা ও রাজধানীর আকাশসীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রকল্পটি নিয়ে সংরক্ষণবাদী সংগঠন, সাবেক সেনাসদস্য এবং আইনপ্রণেতাদের মধ্যেও আপত্তি রয়েছে। কয়েকজন সাবেক সেনাসদস্য তোরণ নির্মাণ বন্ধের দাবিতে আইনি পদক্ষেপও নিয়েছেন। তাদের উদ্বেগের মধ্যে রয়েছে আর্লিংটন ন্যাশনাল সেমেটারি ও অন্যান্য ঐতিহাসিক স্থাপনার ওপর সম্ভাব্য প্রভাব।
ওয়াশিংটনে এটি প্রেসিডেন্ট ট্রাম্পের নেওয়া একাধিক বড় নির্মাণ প্রকল্পের একটি। রাজধানীর সৌন্দর্য ও স্থাপত্যগত মর্যাদা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ট্রাম্প প্রশাসন এসব প্রকল্পের পক্ষে অবস্থান নিয়েছে। এর মধ্যে হোয়াইট হাউসের একটি বড় বলরুম নির্মাণ, লিংকন মেমোরিয়ালের রিফ্লেক্টিং পুল সংস্কার এবং কেনেডি সেন্টার সংস্কারের পরিকল্পনাও রয়েছে।























