বছরের প্রিয় ঋতু হিসেবে শীতকালকেই বেছে নিয়েছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। ফ্যাশন, ঘোরাঘুরি ও খাওয়া-দাওয়ার জন্য এই সময়টি অত্যন্ত আরামদায়ক বলে মনে করেন তিনি। সম্প্রতি শীত নিয়ে নিজের ভালো লাগার নানা দিক তুলে ধরেছেন এই অভিনেত্রী।
দীর্ঘ বিরতির পর আবারও মিডিয়ায় নিয়মিত কাজ করছেন শখ। নাটকের পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারমূলক কার্যক্রম ও ফ্যাশন শোতে অংশগ্রহণ করছেন তিনি। কাজের সুবিধার্থে এবং নিজের স্বাস্থ্যের যত্নে মাত্র সাত মাসে প্রায় ১৫ কেজি ওজন কমিয়ে বর্তমানে ৫৫ কেজিতে নিয়ে এসেছেন নিজেকে। নিয়মিত ব্যায়াম ও খাদ্যাভ্যাসে পরিবর্তন এনে তিনি এই রূপান্তর ঘটিয়েছেন।
২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেছিলেন শখ। পরবর্তীতে ব্যক্তিগত জীবনের নানামুখী টানাপোড়েনের কারণে কিছু সময়ের জন্য কাজ থেকে দূরে থাকলেও, বর্তমানে অভিনয় অঙ্গনে নিজের অবস্থান পুনরায় শক্ত করতে তিনি পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন।
























