যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের শান্তি আলোচনায় বসার ইচ্ছা নেই বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান। দুই দেশের পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের শঙ্কা জোরালো হচ্ছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানে নতুন হামলা চালানোর বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি এবং কূটনৈতিক সমাধানের পথও খোলা রয়েছে।
ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ বলেছেন, সম্ভাব্য আলোচনায় যুক্তরাষ্ট্রের দেওয়ার মতো নতুন কিছু নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো চাপের মুখেও তেহরান তার পারমাণবিক ইস্যুতে পিছু হটবে না এবং যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানের সামরিক সক্ষমতার বড় অংশ ধ্বংস করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সামরিক কৌশল এখন কেবল আত্মরক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই এবং সংঘাত ছড়ালে তা দীর্ঘস্থায়ী হতে পারে।























