ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত দেশের ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি এবং এডহক কমিটি বাতিলের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুল জারি করেছেন আদালত।
সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে গত ১৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার এক সিদ্ধান্তে ওই সমস্ত মাদ্রাসার কমিটিগুলো বাতিল করা হয়েছিল। আদালতের এই আদেশের ফলে মাদ্রাসা পরিচালনার বর্তমান কাঠামো আপাতত বহাল থাকছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।


























