অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর গত অক্টোবর মাসে ৩ হাজার ১৩৩টি হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীরা। এর আগের মাস সেপ্টেম্বরে এই হামলার সংখ্যা ছিল ২ হাজার ৫১টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে সংঘাত ও হামলার ঘটনা প্রায় ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশনের তথ্য অনুযায়ী, অক্টোবরের মোট হামলার মধ্যে ১ হাজার ৭৬৪টি চালিয়েছে ইসরাইলি সেনারা। অন্যদিকে, ১ হাজার ৩৬৯টি হামলা চালিয়েছে অবৈধ বসতি স্থাপনকারীরা। ফিলিস্তিনির জলপাই সংগ্রহের মৌসুমকে কেন্দ্র করে এসব সহিংসতার ঘটনা ঘটে। অনেক ক্ষেত্রেই ইসরাইলি বাহিনীর প্রত্যক্ষ উপস্থিতি বা সহযোগিতায় এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে কমিশন।
অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে বেশি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে রামাল্লা ও আল-বিরেহ এলাকায়। এছাড়া নাবলুস, হেবরন, জেনিন, পূর্ব জেরুজালেম, সালফিত এবং বেথলেহেম অঞ্চলেও ব্যাপক হামলার ঘটনা ঘটেছে।























