ইসরাইলের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের দৌড়ে বেনিয়ামিন নেতানিয়াহুর চেয়ে এগিয়ে রয়েছেন গাদি আইজেনকোট। দেশটির আরব নেতৃত্বাধীন জয়েন্ট লিস্ট ও রাআম পার্টি আইজেনকোটকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার পক্ষে অবস্থান নিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে আলোচনায় আরব দলগুলো আইজেনকোটের প্রতি সমর্থন জানানোর ইঙ্গিত দিয়েছে। আগামী বুধবার (৪ নভেম্বর) কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছ থেকে আনুষ্ঠানিক নির্বাচনি ফলাফল গ্রহণ করবেন প্রেসিডেন্ট। এরপর নিজ বাসভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন তিনি।
রোববার এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট হারজগ রাজনৈতিক দলগুলোর প্রতি নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সরকার গঠনের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, আলোচনায় কোনো পক্ষ কঠোর অবস্থানে অনড় থাকলে দেশটিকে আবারও নির্বাচনের মুখোমুখি হতে হতে পারে।
হারজগ তার মন্তব্যে রাজনৈতিক নেতাদের উদার মনোভাব নিয়ে আলোচনায় বসার এবং পরস্পরের বক্তব্য শুনে মতবিনিময়ের মাধ্যমে নতুন নির্বাচন এড়াতে বাস্তবসম্মত ও সৃজনশীল সমাধান খুঁজে বের করার গুরুত্ব তুলে ধরেন।
প্রাথমিক হিসাব অনুযায়ী, আরব দলগুলোর সমর্থনসহ গাদি আইজেনকোটের পক্ষে ৬০ জন আইনপ্রণেতার সুপারিশ থাকতে পারে। এছাড়া, চেঞ্জ ব্লকের শরিক ইসরাইল বেইতেনু দলও তাকে সমর্থন জানালে এই সংখ্যা বেড়ে ৬৭-তে পৌঁছাতে পারে। অন্যদিকে, বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে লিকুদ, ওতজমা ইহুদিত, শাস ও রিলিজিয়াস জায়োনিজ দলগুলোর সমর্থন রয়েছে।
ইসরাইলের আইন অনুযায়ী, নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের সাত দিনের মধ্যে প্রেসিডেন্টকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে হবে। এরপর পার্লামেন্ট সদস্যদের সবচেয়ে বেশি সমর্থন বা সুপারিশপ্রাপ্ত একজন নেতাকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হবে।























