ইয়েমেনে হুথি কর্তৃপক্ষের হেফাজতে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে কর্মরত এক কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিহত ওই কর্মীর নাম মোহাম্মদ আল-শামি। এই মৃত্যুর ঘটনায় অবিলম্বে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের জোরালো দাবি জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে জানান, আল-শামির মৃত্যুর পেছনের প্রকৃত কারণ ও পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। ২০২৪ সালের জুনে তাকে আটক করার পর থেকেই তার শারীরিক অবস্থা বা তিনি বেঁচে আছেন কি না, সে বিষয়ে কোনো তথ্য দেয়নি হুথির ডি ফ্যাক্টো কর্তৃপক্ষ। এমনকি জাতিসংঘের বারবার অনুরোধ সত্ত্বেও তারা কোনো সহযোগিতা করেনি।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হুথিদের হেফাজতে জাতিসংঘের কোনো কর্মীর মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এক কর্মী আটক থাকা অবস্থায় মারা যান। আল-শামি হলেন দ্বিতীয় কোনো কর্মী, যিনি হুথিদের হেফাজতে মর্মান্তিক মৃত্যুর শিকার হলেন।























