মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের অবশিষ্ট এক বা দুটি পরমাণু স্থাপনায় মাত্র ১০ মিনিটের মধ্যে হামলা চালানোর সক্ষমতা রাখে। তবে তিনি এও জানিয়েছেন যে, ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে ওয়াশিংটনের কোনো তাড়াহুড়া নেই।
ফ্লোরিডায় নিজের মার-আ-লাগো বাসভবনে হ্যালোইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। তিনি চলমান আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখলেও তেহরানের প্রতি আস্থার সংকট রয়েছে বলে উল্লেখ করেন। ট্রাম্পের ভাষ্যমতে, ‘আলোচনা ভালোভাবেই এগোচ্ছে। তবে তারা খুব একটা নির্ভরযোগ্য নয়। তারা একটি চুক্তি করে, পরে আবার তা থেকে সরে আসে।’
ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ইরান একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হলেও শেষ পর্যন্ত দেশটি তা মেনে চলবে কিনা, সেটাই দেখার বিষয়। তিনি দাবি করেন, ইতোমধ্যে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কার্যত অকার্যকর করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেশটির পরমাণু স্থাপনাগুলোতেও হামলা চালানো হয়েছে এবং এখনো এক বা দুটি স্থাপনা বাকি রয়েছে। চাইলে সেগুলোতে ‘১০ মিনিটের মধ্যে’ হামলা চালানো সম্ভব বলে তিনি হুঁশিয়ারি দেন।
আগামী সপ্তাহের মধ্যেই ইরানে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প প্রশ্নটিকে ‘বোকামিপূর্ণ’ বলে মন্তব্য করেন। সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে আগাম কোনো তথ্য প্রকাশ করবেন না বলেও জানান তিনি।
এদিকে, চলমান সংঘাতের অবসানে সমঝোতার পথ খুঁজতে কাতারের রাজধানী দোহায় দেশটির মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানি আলোচকেরা। জানা গেছে, ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করেই এসব কূটনৈতিক যোগাযোগ চলছে। তবে আলোচনা চলমান থাকলেও ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ কাটেনি।























