যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের আসন পেতে এবার চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একটি নতুন দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এদের মধ্যে অধিকাংশই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী। বিশেষজ্ঞরা মনে করছেন, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি এবং স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে সাধারণ মানুষের অসন্তোষকে কাজে লাগাতে চাইছেন এই প্রার্থীরা।
ক্যালিফোর্নিয়ার শিশু চিকিৎসক রিচার্ড প্যানের নির্বাচনী প্রচারের ওয়েবসাইটের প্রথম পাতায় বড় করে লেখা রয়েছে তিনটি শব্দ—‘জনস্বাস্থ্যের নায়ক’। মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে প্যানের মতো আরও অনেক জনস্বাস্থ্য পেশাজীবী কংগ্রেসের আসন পেতে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আমেরিকান কলেজ অব গ্যাস্ট্রোএন্টারোলজির এক হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে সর্বোচ্চ ২৫ জন চিকিৎসক কংগ্রেসের সদস্য নির্বাচিত হতে পারেন। এমনটি হলে কংগ্রেসে চিকিৎসক আইনপ্রণেতাদের একটি নতুন প্রজন্মের আবির্ভাব ঘটবে। তবে বর্তমানে কংগ্রেসে থাকা চিকিৎসক আইনপ্রণেতাদের অনেকেই রিপাবলিকান দলের।
বিশেষজ্ঞরা বলছেন, এবারের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রার্থী হওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা একটি নতুন রাজনৈতিক ধারার ইঙ্গিত দিচ্ছে।
এবারের সবচেয়ে আলোচিত কয়েকটি আসনেও লড়ছেন চিকিৎসকেরা। মিশিগানের শূন্য হয়ে যাওয়া সিনেট আসনে হাড্ডাহাড্ডি লড়াই করছেন চিকিৎসক ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আবদুল আল-সাইয়েদ। অন্যদিকে, দক্ষিণ ক্যারোলাইনায় শিশু চিকিৎসক অ্যানি অ্যান্ড্রুজের প্রার্থিতার কারণে রিপাবলিকানদের জন্য সাধারণত নিরাপদ বলে বিবেচিত একটি সিনেট আসনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।
বিশেষজ্ঞ ও বিভিন্ন অধিকারকর্মী সংগঠনের মতে, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার পেছনে অন্যতম কারণ রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি তাদের গভীর অসন্তোষ। তাদের মতে, স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধি এবং ট্রাম্প প্রশাসনের বিজ্ঞানবিরোধী বলে বিবেচিত নীতির বিরুদ্ধে মানুষের ক্ষোভকে কাজে লাগাচ্ছে ডেমোক্র্যাটরা।
মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল-ডিং বলেন, বিজ্ঞানীরা নিজেরাও এখন সচেতন হয়ে উঠেছেন। ভুল তথ্য ও অপতথ্যের বিস্তার ঠেকাতে তারা আর জনপরিসর ছেড়ে দিতে চান না। তিনি ‘ভ্যাক্স পিএসি’ নামের একটি রাজনৈতিক অধিকারকর্মী সংগঠনের প্রতিষ্ঠাতা, যা দায়িত্বশীল টিকানীতির পক্ষে থাকা প্রার্থীদের সমর্থন দেয়।























