জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষাব্যবস্থার পরিস্থিতির প্রতিবাদে ফ্রান্সে আবারও লাখো মানুষ বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় প্যারিস ও লিওঁতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিক্ষোভ ঘিরে সারা দেশে অন্তত ২৯০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। টানা তৃতীয় সপ্তাহান্তে এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো।
উচ্চবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী বিভিন্ন সংগঠন এবং শ্রমিক ইউনিয়নের জোটের দাবি, শনিবারের বিক্ষোভে প্রায় পাঁচ লাখ মানুষ অংশ নিয়েছেন। তাদের মধ্যে শুধু প্যারিসেই ছিলেন দুই লাখ।
তবে দেশটির কর্তৃপক্ষের হিসাবে, সারা দেশে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ৩ লাখ ২০ হাজার। রাজধানীতে অংশ নেন ৭০ হাজার মানুষ।
প্যারিসে বিক্ষোভ মিছিল শুরুতে শান্তিপূর্ণ ছিল। তবে শনিবার মূল মিছিলের শেষ হওয়ার কথা ছিল, এমন একটি স্থানের কাছে বিক্ষোভকারীরা জড়ো হলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। এ সময় রাস্তায় থাকা ময়লার পাত্র ও বিভিন্ন স্থাপনায় আগুন ধরিয়ে দেওয়া হয়। শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।
প্যারিস থেকে আলজাজিরার প্রতিবেদক নাতাশা বাটলার বলেন, ‘আমরা দেখেছি, পুলিশ বিক্ষোভকারীদের ভিড় লক্ষ্য করে প্রচুর কাঁদানে গ্যাস ছুড়ছে।’
তিনি আরো বলেন, ‘শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। এ কারণে আমাদেরও সেখান থেকে সরে যেতে হয়েছে।’
দাঙ্গা পুলিশ মাইকিং করে বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে দিতে বলে। অন্যথায় আরো কাঁদানে গ্যাস ছোড়ার হুঁশিয়ারি দেয় তারা। আহত ব্যক্তিদের চিকিৎসাকর্মীরা সরিয়ে নেন। এ সময় কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে হাত তুলে দেখান, তারা কোনো ক্ষতি করতে চান না।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, প্যারিসের উপকণ্ঠে কালো পোশাক পরা মুখোশধারী অসংখ্য ব্যক্তি হাতুড়ি দিয়ে ফুটপাতের পাথর তুলে পুলিশের দিকে ছুড়ে মারেন। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে অন্তত একটি আগুন ধরানো বস্তু ছোড়া হয়। জবাবে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিপেটা করে।
বিক্ষোভ ঘিরে সারা দেশে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারমেরি সদস্য মোতায়েন করা হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী লরঁ নুনেজ সতর্ক করে বলেন, বিশেষ করে হ্যালোইন উপলক্ষে সন্ধ্যার পর বিশৃঙ্খলা তৈরির ঝুঁকি অনেক বেশি।
শেষ মুহূর্তে আদালতের সঙ্গে আইনি বিরোধের পর প্যারিসের মূল বিক্ষোভ মিছিলের স্থান শহরে পরিবর্তন করা হয়।























