জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। ত্রুটি ধরা পড়ার পর বিমানটিকে নিরাপদে টারমাকে ফিরিয়ে নেওয়া হয়, যার ফলে প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা কিছুটা বিলম্বিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ফ্লাইটটির উড্ডয়নের কথা থাকলেও নির্ধারিত সময় পার হওয়ার পরও তা সম্ভব হয়নি। এ সময় ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ত্রুটি মেরামতের পর ফ্লাইটটি জাপান সময় রাত ১১টায় (বাংলাদেশ সময় রাত ৮টায়) ঢাকার উদ্দেশে উড্ডয়ন করতে পারে। ওই ফ্লাইটে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীসহ সাধারণ যাত্রীরাও রয়েছেন।
ফ্লাইটের এক যাত্রী জানান, নির্ধারিত সময়ে বিমানটি রানওয়ের দিকে যাত্রা করলেও ক্যাপ্টেন ইমামুল কারিগরি ত্রুটির কথা ঘোষণা করে তা থামিয়ে দেন। পরে প্রকৌশলীরা ত্রুটি সারানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে যাত্রীদের বিমান থেকে নামিয়ে বিমানবন্দর লবিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্য যাত্রীদেরও নিরাপদে লবিতে স্থানান্তর করা হয়েছে।






















