ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের কোয়ার্টার ফাইনালে মন্টেনেগ্রোকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ই-টায়ারের শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করলো লাল-সবুজের প্রতিনিধিরা। ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ গ্যাবন।
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশের বড় জয়ের নায়ক ছিলেন জোড়া গোলদাতা পাভেল হাসান। এছাড়া মোহাম্মদ বায়েজিদ ও শিবাক কুমার মালি একটি করে গোল করে দলের জয়ে অবদান রাখেন। ম্যাচের নবম মিনিটেই বায়েজিদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধে মন্টেনেগ্রো গোল শোধ দিতে ব্যর্থ হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের ছেলেরা।
বিরতির পর আরো তিনটি গোল করে বাংলাদেশের যুবারা। পাভেল হাসান জোড়া গোল করেন, আর তার দুই গোলের মাঝে জালের দেখা পান শিবাক কুমার মালি। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে আট ম্যাচে চতুর্থ জয় অর্জন করলো বাংলাদেশ। এর আগে ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্র, পর্তুগালের কাছে ৩-১ গোলে হার, ইন্দোনেশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র, বুরুন্ডির কাছে ২-০ গোলে হার এবং ফিজির বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছিল তারা।
টুর্নামেন্টের ই-টায়ারে শেষ বত্রিশের লড়াইয়ে সিশেলসের বিপক্ষে নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এরপর শেষ ষোলোর ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষেও ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে আরেকটি জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে এসেছিল পাভেলরা। এবার মন্টেনেগ্রোর বিপক্ষেও দুর্দান্ত জয় ছিনিয়ে নিলো তারা।

























