রইচপুরে ফেলে পালাল মাদককারবারি, আইস ও উইন্সেরেক্সসহ মোটরসাইকেল জব্দ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে একটি পরিত্যক্ত স্কুলব্যাগ থেকে প্রায় ২২ কোটি টাকা মূল্যের আইস মেথ উদ্ধার করা হয়েছে। অভিযানকালে মাদক বহনকারী ব্যক্তি মোটরসাইকেল ও ব্যাগ ফেলে পালিয়ে যায়।
সাতক্ষীরায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা শহরতলীর রইচপুর এলাকায় পরিত্যক্ত একটি স্কুলব্যাগ থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
আটক মাদকের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫০ গ্রাম সম্ভাব্য আইস মেথ এবং ৪০ বোতল উইন্সেরেক্স সিরাপ। বিজিবির প্রাথমিক হিসাবে এসব মাদকের বাজারমূল্য প্রায় ২২ কোটি টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়— সাতক্ষীরা সদর থানার বাদামতলা এলাকা থেকে একটি মোটরসাইকেলে করে মাদক শহরের দিকে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল রইচপুর এলাকায় কৌশলে অবস্থান নেয়।
অভিযান চলাকালে সন্দেহভাজন এক ব্যক্তিকে থামানোর চেষ্টা করা হলে তিনি মোটরসাইকেল ও সঙ্গে থাকা স্কুলব্যাগ ফেলে দ্রুত পাশের ঘন জঙ্গলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় স্কুলব্যাগ থেকে আইস মেথ, উইন্সেরেক্স সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবি জানায়, এ ঘটনায় সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করা হয়েছে। জব্দকৃত মাদক জনসম্মুখে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা দেওয়া হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কাজী আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে।
















