খুলনার বটিয়াঘাটা উপজেলায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে সোহেল পারভেজ (৩৬) নামের এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। খারাবাদ বাইনতলা বড় কুরিয়া গ্রামে সোমবার দিবাগত রাতে সংঘটিত এ হামলায় তাঁর হাতে একটি ও পেটে দুটি গুলি লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহত সোহেল পারভেজ বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং স্থানীয় বাসিন্দা গনি শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হোসেন জানিয়েছেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে ঠিক কী কারণে বা কারা এই হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।


























