যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ শুরুর ঝুঁকি কমাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার কূটনৈতিক অচলাবস্থা কাটানোর এই প্রচেষ্টায় মস্কোর ভূমিকা কতটা সফল হবে, তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে।
ইরানি প্রেসিডেন্টের এই রাশিয়া সফর এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে তেহরানের সংঘাতের প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালি ঘিরে জ্বালানি পরিবহন ও সামরিক নিরাপত্তার জটিল পরিস্থিতিতে দুই দেশের এই ঘনিষ্ঠতা নতুন কূটনৈতিক পথ উন্মুক্ত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে তুর্কমেনিস্তানে অনুষ্ঠিত কমনওয়েলথ অব ইনডিপেনডেন্ট স্টেটসের (সিআইএস) শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত বৈঠকে সংঘাত নিরসনে সহায়তার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট। পুতিন জানান, সংকট সমাধানে রাশিয়া সর্বাত্মক চেষ্টা চালাতে প্রস্তুত এবং যুদ্ধ শুরুর পেছনে তেহরানের কোনো দায় নেই। অন্যদিকে, আন্তর্জাতিক আইন মেনে ওয়াশিংটনের সঙ্গে সম্মানজনক ও ন্যায়সংগত চুক্তিতে পৌঁছানোর পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন পেজেশকিয়ান।























